শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ লগইন
খুলনা

খুলনায় বিমানবন্দর নিয়ে এলো সুখবর

Khulna24 • প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:১১ দুপুর

খুলনায় বিমানবন্দর নিয়ে এলো সুখবর

খুলনায় খান জাহান আলী বিমানবন্দর নির্মাণ নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। খুলনা অঞ্চলের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা (ডিটেইলড ফিজিবিলিটি স্টাডি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনার মানুষের দ্রুত আকাশপথে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে মন্ত্রী জানান, খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২১৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণ করা জমির চারপাশে প্রায় ১২ হাজার ৬০০ মিটার সীমানাপ্রাচীরও নির্মাণ করা হয়েছে।

তবে বিগত সরকারের সময়ে ২০২৩ সালের ২২ জুন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) তালিকা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রী আরও জানান, দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর সচল করার লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা নির্ধারণ করেছে।

এ ছাড়া বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে। এতে দেশের আকাশপথের যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে প্রয়োজনীয় কৌশলগত সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রী বলেন, খুলনা অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের বিষয়ে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে। সমীক্ষার ফলাফল পর্যালোচনা করে বিমানবন্দর নির্মাণের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা খুলনার খান জাহান আলী বিমানবন্দর প্রকল্পটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিমানবন্দর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি; তা নির্ভর করছে সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ওপর।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর