বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ লগইন
রাজনীতি

১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরছেন না, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Khulna24 • প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ দুপুর

১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরছেন না, প্রত্যর্পণের মাধ্যমেই দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরছেন—এমন খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এক্সট্রাডিশন ট্রিটির (প্রত্যর্পণ চুক্তি) মাধ্যমে তাকে প্লেনে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা কঠোর নজরদারির মধ্যে আনা হবে। এটাই তার আসার একমাত্র উপায়।’

ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার দাবির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে। আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সিরিয়াস আলোচনা করব।’

এ সময় শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে। তার ভাষায়, একজন অনাকাঙ্ক্ষিত অতিথিকে নিয়ে ভারতকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।

শেখ হাসিনা বাংলাদেশে কোনো কূটনৈতিক মিশনে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগেই উত্তর দেওয়া হয়েছে। বারবার শেখ হাসিনার প্রসঙ্গ তোলার কোনো প্রয়োজন নেই।

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। এটাই একমাত্র গ্যারান্টি। শীত আসবে। আপনারা জাম্পার কিনেন, হালকা জ্যাকেট কেনার প্রস্তুতি নেন।’

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর