ইউপি নির্বাচনের প্রস্তুতি, জেলায় জেলায় ইসির চিঠি
ইয়াসিন শেখ সজীব • প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ দুপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পাঁচ ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা তৈরির জন্য পাঁচ ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। এ জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা অথবা জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।
এর আগে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।