আগুন-ককটেল হামলা ঠেকাতে সারাদেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ আইজিপির
Khulna24 • প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ রাত
দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারাদেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ লক্ষ্যে পুলিশের টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের নামে কোনো নিরপরাধ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারাদেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।