সাতক্ষীরায় শামীম হত্যাঃ প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার
Super Admin • প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ বিকাল
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম (৪০) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক আমিনী (৪৫) দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল ভাড়াচালক।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, হত্যা মামলাটি দায়েরের পর থেকে ফজলুল হক আমিনী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় হামলা, হাসপাতালে দ্বিতীয় দফায় গণপিটুনি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার আগে দেবহাটার কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসক সবুরের চেম্বারে চিকিৎসাধীন ছিলেন ওয়াহিদুজ্জামান শামীম। বিষপান করে অসুস্থ হয়ে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। এ সময় তার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল লোক তার ওপর হামলা চালায়।
গণপিটুনির খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত ৯টার দিকে একটি মিছিল নিয়ে হাসপাতালে পৌঁছে হামলাকারীরা সেখানে দ্বিতীয় দফায় শামীমকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেসবুক লাইভে জনতাকে জড়ো করার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ফজলুল হক আমিনী ফেসবুকে লাইভ করেন এবং জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে শামীমের কথিত ইসলামবিদ্বেষী বক্তব্যের একটি অডিও রেকর্ড এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
শামীম নিহত হওয়ার পর ফজলুল হক আমিনী দাবি করেছিলেন, শামীম ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ধর্ম অবমাননার অভিযোগ থাকলেও কাউকে পিটিয়ে হত্যা করা আইনসম্মত নয়।
হত্যা মামলা, গ্রেপ্তার আরও দুই আসামি
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিহত শামীমের বড় ভাই জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি একই উপজেলার আসাদুল ইসলাম ও মোক্তার হোসেনকে এর আগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।