যশোরে মসজিদের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
Khulna24 • প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ দুপুর
যশোরে মসজিদের সামনে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে শেখ আবু তালেব মুনসেফপুর (৫৫) নামে এক বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কচুয়া ইউনিয়নের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে আবু তালেবের ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ। এ সময় ধারালো হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার পর অভিযুক্ত শফিয়ার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় নয়ন হোসেন জানান, নিহত আবু তালেব ও অভিযুক্ত শফিয়ার দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই। প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ারের জমির পাশে একটি জমি কেনে, যা শফিয়ার নিজে কিনতে চেয়েছিলেন। ওই জমি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মনোমালিন্য চলছিল।
এলাকাবাসীর ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাদের দাবি, অভিযুক্ত শফিয়ার মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ারকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।