ইরাকের জাতীয় নিরাপত্তা রক্ষার আড়ালে ইরানকে চাপ!
মোঃ মামুনুল ইসলাম • প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ সকাল
ইরাকের জাতীয় নিরাপত্তা রক্ষার আড়ালে ইরানকে চাপ!নেপথ্যে তুরস্ক -যুক্তরাষ্ট্র!
ইরাককে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে ইরাক এমন একটি উদ্যোগ নিচ্ছে যার প্রভাব শুধু ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে নয় বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণই পাল্টে দিবে।
ইরাক চাচ্ছে দেশটির অভ্যন্তরে এমন কোনো সশস্ত্র গোষ্ঠী থাকবে না যার ওপর ইরাক সরকারের নিয়ন্ত্রণ থাকবে না।সকল সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ইরাকের সরকারি বাহিনীর প্রবেশাধিকার চায়।অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে শক্তিশালী করতে চায়।কিন্তু বিষয়টি কেবল ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা বা আইনশৃঙ্খলার প্রশ্ন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের আঞ্চলিক স্বার্থ, ইরানের প্রভাব, কুর্দি স্বায়ত্তশাসন এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ।
ইরাকের এই পরিস্থিতি বুঝতে হলে দেশটির রাজনৈতিক কাঠামো, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান এবং প্রতিবেশী দেশগুলোর স্বার্থ, সবকিছু একসঙ্গে দেখতে হবে। কারণ, কেন্দ্রীয় সরকার যদি সত্যিই এসব গোষ্ঠীকে নিরস্ত্র করতে পারে, তাহলে শুধু ইরাকের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যই বদলাবে না, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবও বড় ধাক্কার মুখে পড়তে পারে।
নতুন প্রধানমন্ত্রী ও ইরাকের রাজনৈতিক সমীকরণ
দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর ইরাকে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দেশটির ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে একটি প্রচলিত রাজনৈতিক রীতি রয়েছে। সেই অনুযায়ী, প্রেসিডেন্টের পদটি সাধারণত কুর্দিদের জন্য, প্রধানমন্ত্রীর পদ শিয়াদের জন্য এবং পার্লামেন্টের স্পিকারের পদ সুন্নিদের জন্য বরাদ্দ থাকে।
এই ব্যবস্থার মধ্য দিয়েই দেশটির বিভিন্ন রাজনৈতিক ও জাতিগত গোষ্ঠীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। তবে বাস্তবে ইরাকের রাজনীতি অত্যন্ত জটিল। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অনেকটা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবের বিষয়টি বেশ উল্লেখযোগ্য। নতুন প্রধানমন্ত্রীকে ইরানের প্রভাব কমানো এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে তার সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রের বাইরে থাকা সশস্ত্র শক্তিগুলোকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনা।
ইরাকের এই উদ্যোগে সহায়তা করছে কিংবা চাপ সৃষ্টি করছে বলা যায় ইজ্রায়েল, তুরস্ক আর যুক্তরাষ্ট্র।কারণ এই উদ্যোগের পেছনের মূল কারণ হলো ইরানি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার মাধ্যমে ইরানকে দুর্বল করা।
ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে কাতায়েব হিযবুল্লাহ ও হাশদ আল শাবির বেশ শক্তিশালী।সম্প্রতি ইরাকি সরকার তাঁদের সরকারের কাছে অস্ত্র জমা দেওয়ার আহ্বান করলে তারা সরাসরি তা প্রত্যাখ্যান করে এবং প্রতিরোধের হুশিয়ারী দেয়।ফলে সরকার আপাতত সংঘাতে না জড়িয়ে সমঝোতার মাধ্যমে ঘাঁটি পরিদর্শনের এক্সেস পায়।সমঝোতা হয়েছে যে আপাতত তিনটি ঘাটিতে সরকারি বাহিনী প্রবেশ করতে পারবে বাকিগুলোতে গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।এই সমঝোতা করেছে ইরান।কিন্তু যুক্তরাষ্ট্র ইজ্রায়েল চায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণ।
অন্যদিকে তুরস্কের স্বার্থ হলো কুর্দিদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকলে তারা আর তুরস্কে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না।কুর্দিরা দীর্ঘদিন ধরে স্বাধীনতা চেয়ে আন্দোলন করে আসছে।তারা তুরস্কের জন্য সিকিউরিটি হুমকি সৃষ্টি করে।কুর্দি সংগঠন পিকেকে এর মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম পরিচালনা করে।ফলে কুর্দি সশস্ত্র গোষ্ঠী গুলোর ওপর ইরাক সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে তুরস্কের লাভ।
ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দি আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ হলো তেল, গ্যাস ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। কুর্দি অঞ্চল দীর্ঘদিন ধরে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় তেল-গ্যাস উৎপাদন ও বিক্রির ওপর কর্তৃত্ব বজায় রাখতে চেয়েছে। অন্যদিকে বাগদাদের অবস্থান হলো, দেশের সব প্রাকৃতিক সম্পদের মালিকানা ও বিক্রির নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে থাকতে হবে।
কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, কুর্দি অঞ্চলসহ ইরাকের সব এলাকার তেল, গ্যাস ও খনিজ সম্পদ বাগদাদের মাধ্যমে বিক্রি করা হবে। এরপর কেন্দ্রীয় সরকার নির্ধারিত বাজেট অনুযায়ী কুর্দি আঞ্চলিক সরকারকে অর্থ বরাদ্দ দেবে।
কিন্তু কুর্দি নেতৃত্ব এই ব্যবস্থায় আপত্তি জানিয়ে আসছে। কারণ, তাদের আশঙ্কা, সম্পদের ওপর সরাসরি নিয়ন্ত্রণ হারালে তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক ক্ষমতা দুটোই দুর্বল হয়ে পড়বে। বর্তমানে নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলের সম্পদ থেকে যে আয় ও সুবিধা তারা পায়, কেন্দ্রীয় সরকারের হাতে পুরো নিয়ন্ত্রণ চলে গেলে সেটি আর থাকবে না। একই সঙ্গে নিজস্ব নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের ওপরও বাগদাদের প্রভাব বাড়বে।
এ কারণেই কুর্দি নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের এমন উদ্যোগকে নিজেদের স্বায়ত্তশাসনের জন্য হুমকি হিসেবে দেখছে।
তাছাড়া ইরাকে তুরস্কের বড় ধরনের সড়ক উন্নয়ন প্রকল্প আছে,প্রায় ৫০ বিলিয়ন ডলারের।একদম বসরা থেকে তুরস্ক পর্যন্ত। এরকম বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বজায় থাকা দরকার।তুরস্কের সমর্থনের পেছনে এটা একটা কারণ।
এখন ইরাক সরকারের এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন সম্ভব হবে তা এখনো বলা মুশকিল।যেহেতু সশস্ত্র গোষ্ঠীগুলো সরাসরি প্রতিরোধের ডাক দিয়েছে।আর সরকারও বল প্রয়োগ করতে গেলে নতুন করে গৃহযুদ্ধ শুরু হবে কিনা সেটাও এখনি বলা যাচ্ছে না।
তবে ইরাক সরকারের সামনে এখন দুটি পথ খোলা আপাতত- সমঝোতা বা বল প্রয়োগ।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।