Khulna24 • ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ বিকাল
খুলনার দৌলতপুরে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দৌলতপুর হাঁস খামার সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে বাড়িটি মেহেদী হাসান মমির নানি বাড়ি হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল দৌলতপুরের ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল এবং ১৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।