ইয়াসিন শেখ সজীব • ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৬ দুপুর
১২ দিনের ব্যবধানে আমিরাতে দুই ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪ প্রবাসীসহ নিহত ২৭
সংযুক্ত আরব আমিরাতে ১২ দিনের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন নিহত হয়েছেন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে রাস আল খাইমায় বাস ও ট্রাকের সংঘর্ষে। অন্যদিকে, ১২ নভেম্বর ফুজাইরাহতে একাধিক যানবাহনের সংঘর্ষে প্রাণ হারান ভারতীয় চার প্রবাসীসহ ১৪ জন।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে রাস আল খাইমার দক্ষিণাঞ্চলের আল ওয়াতান সড়কে ৪১ যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি সড়কের পাশে থেমে ছিল। বাসটি সেটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় ও জাতীয়তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।এর আগে ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হন। ওই ঘটনায় নিহতদের মধ্যে ১০ জন আমিরাতের নাগরিক এবং চারজন ভারতীয় ছিলেন। আহতদের মধ্যে ভারত, পাকিস্তান, ওমান, ব্রাজিল, জর্ডান ও মিসরের নাগরিকও ছিলেন।
ওই দুর্ঘটনা ঘটে সড়কের একটি লেন রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকার সময়। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িতে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। পরে ধীরগতির যানবাহনের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকচালককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।
রাস আল খাইমা পুলিশ চালকদের সতর্ক ও মনোযোগী থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব না ছড়িয়ে সরকারি সূত্রের তথ্য মেনে চলতে বলেছে।