Khulna24 • ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ সকাল
নিজেদের সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তির জানান দিতে মাটির গভীরে নির্মিত বিশাল ‘মিসাইল সিটি’র ভিডিও প্রকাশ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ভূগর্ভস্থ এই স্থাপনায় সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসি প্রকাশিত ভিডিওতে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করতে দেখা যায়। সেখানে ফাত্তাহ-১ ও খাইবার শেকানের মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে।
ভিডিওতে সাধারণ পণ্যবাহী ট্রাকও দেখা গেছে। এসব ট্রাকের পেছনে কৌশলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থাপনাটি পরিদর্শনকালে মেজর জেনারেল আলী আবদোল্লাহি শত্রুদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে তার পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
এর আগে ২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়ার দাবি ওঠে। তবে আইআরজিসির দাবি, ভূগর্ভের গভীরে অবস্থিত সুরক্ষিত সামরিক কমপ্লেক্সগুলোতে ড্রোন ও অস্ত্র উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আইআরজিসির মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রবল বিমান হামলার মধ্যেও যাতে সামরিক উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়, সে লক্ষ্যেই এসব সুরক্ষিত স্থাপনা তৈরি করা হয়েছে।
অন্যদিকে, গত মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে নতুন এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে তেহরান নিজেদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতা অক্ষত থাকার বার্তা দিতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার গুঞ্জনের মধ্যেই এমন ভিডিও প্রকাশ ইরানের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রতিপক্ষের প্রতি কৌশলগত বার্তা হিসেবেও বিবেচিত হতে পারে।