সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
খুলনা

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও গুজব প্রচার বন্ধে কেএমপির গণবিজ্ঞপ্তি

Khulna24 • ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ দুপুর

খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার ও গুজব ছড়ানো বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা এ গণবিজ্ঞপ্তিতে মহানগরীর জনশান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনটি বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার ভুয়া পরিচয় দিচ্ছে। এসব পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যাচ্ছে।

এ ছাড়া জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সত্যতাবিহীন, গুজব, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

কেএমপির নির্দেশনায় বলা হয়েছে—

১. ভুয়া পরিচয় ও চাঁদাবাজি নিষিদ্ধ: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় কিংবা চাপ সৃষ্টি করা যাবে না।

২. অপপ্রচার ও গুজব রোধ: জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন সত্যতাবিহীন, উসকানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য জনসম্মুখে কিংবা কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

৩. জনসমাগমস্থলে বিশৃঙ্খলা প্রতিরোধ: সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে দলবদ্ধভাবে বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত দণ্ডবিধি এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ধরনের ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করা হয়েছে।

কেএমপির কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৩২০-০৬০৯৯৮। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।

জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

প্রশ্ন ও উত্তর

১. খুলনায় ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে পুলিশ?

খুলনা মেট্রোপলিটন পুলিশ ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, ভয়ভীতি ও অপপ্রচার বন্ধে তিন দফা নির্দেশনা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।

২. কেএমপির গণবিজ্ঞপ্তিতে কী কী নিষেধাজ্ঞা রয়েছে?

ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি, ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচার এবং জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি নিষিদ্ধ করা হয়েছে।

৩. নির্দেশনা অমান্য করলে কী হবে?

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

৪. খুলনা পুলিশের কাছে অভিযোগ জানাবেন কীভাবে?

নিকটস্থ থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।