Khulna24 • ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২২ বিকাল
খুলনার বটিয়াঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন সামিট পোল্ট্রি ফিড অ্যান্ড ডেইরি ফার্মে চুরির চেষ্টাকালে চোরাই মালামালসহ তিনজনকে আটক করেছে টহল পুলিশ। তবে এ সময় চক্রের অন্য তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন শাহীন বিশ্বাস, হাসান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার।
জানা গেছে, ফার্মে চুরির সময় টহল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে চোরাই মালামালসহ আটক করেন। এ সময় চক্রের আরও তিন সদস্য পালিয়ে যায়।
এ ঘটনায় বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমানের নির্দেশে এসআই চিরঞ্জিত মণ্ডল বাদী হয়ে শুক্রবার ০৬ নম্বর মামলা দায়ের করেন। পরে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।