Khulna24 • ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ রাত
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে আসছেন। সফরকালে তিনি বাগেরহাটের মোংলা ও জেলা সদরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুটি কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় আসবেন। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারাদেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খুলনায় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর উপলক্ষে মহানগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর রংবেরঙের ব্যানার ও ফেস্টুনে।
শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি। এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। পাশাপাশি স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এবার নগরজুড়ে প্রচলিত তোরণ ও বিলবোর্ডের আধিক্য দেখা যায়নি। সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে পুরো মহানগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষায় রয়েছেন।