Khulna24 • ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৪ দুপুর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে। হামলায় তাঁর হাত-পা ভেঙে দেওয়া এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, পুলিশ কনস্টেবল আবুল কালাম দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে দুই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিতে সহযোগিতা করেন। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে আগে থেকে অবস্থান করা ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নারায়ণগঞ্জ পোস্ট