Khulna24 • ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০২ সকাল
খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামিসহ পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কানুয়ারডাঙ্গা এলাকার জনৈক আজু সরদারের নতুন বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে ৭২ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৬০০ টাকা এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।
মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আজু সরদার (২৬), পিতা মৃত সিরাজ সরদার; মো. আব্দুল্লাহ সরদার (২২), পিতা মো. হারুন সরদার; মো. শাওন (২২), পিতা মো. সিরাত আলী এবং মো. আনিস সানা (৪৩), পিতা মৃত বাবর আলী সানা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁরা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো সেগুলো বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান পরিচালনা করা হয়। সব মিলিয়ে ওই অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।