Khulna24 • ২২ নভেম্বর ২০২৬, ০৩:০১ দুপুর
খুলনার পাইকগাছায় এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমা খাতুনকেও আটক করা হয়।
আটক দুই নারী হলেন—পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের স্ত্রী নুরজাহান বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিন্টু গাজীর স্ত্রী আসমা খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্মরণখালী এলাকায় জিয়াউর জমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাওয়ার পথে নুরজাহান বেগমকে আটক করা হয়।
পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২০ হাজার টাকা।
নুরজাহান বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী আসমা খাতুনকেও আটক করা হয়। একই সঙ্গে গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির জানান, জাল টাকা সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় এ কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক নারীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা ২৪ | সত্য প্রকাশে নির্ভীক।