ইয়াসিন শেখ সজীব • ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ বিকাল
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গরু চোর সন্দেহে খোরশেদ আলী নামের এক যুবককে মারধরের প্রতিবাদ করায় রুহুল আমিন (৩৫) নামের এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রুহুল আমিন ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অম্রবাড়ী এলাকার সামিউল মুন্সির একটি গরু গোয়ালঘর থেকে ছুটে যায়। এরপর মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) গরুটি নিয়ে ফুলবাড়ী পৌরবাজারের দিকে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে গরু চোর সন্দেহে আটক করেন। পরে তাকে ধরে নাউয়ার মোড় এলাকায় নিয়ে মারধর করা হয়।
খবর পেয়ে খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে ওই মারধরের প্রতিবাদ করেন। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা রুহুল আমিনের ওপরও চড়াও হন এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। বিশেষ করে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন। তারা হলেন—অম্রবাড়ী গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০), তার ছেলে মহিন আলী (২০), এবং মৃত মোস্তফা আলীর অপর দুই ছেলে খোরশেদ (২৭) ও রাশেদ ইসলাম (৩০)। আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু চোর সন্দেহে মারধরের ঘটনায় রাজমিস্ত্রি রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ এখনো এলাকায় পৌঁছায়নি। অভিযুক্ত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানোধীন রয়েছে।