Khulna24 • ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ সকাল
খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাকোপ থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দাকোপ উপজেলার ৯ নম্বর বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারে তামিম স্টোরের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার মোঃ রুবেল হাওলাদার বানিশান্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নূর ইসলাম হাওলাদারের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রুবেল হাওলাদার বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগ বুঝে সেগুলো বিক্রি করতেন।
এ ঘটনায় দাকোপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।