সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
ডুমুরিয়া

ডুমুরিয়ায় ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Khulna24 • ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ দুপুর

ডুমুরিয়া প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় লিটন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নিজ বাড়ির একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় মায়ের পরনের শাড়ি পেঁচানো ছিল।

নিহত লিটন সরকার উপজেলার বাসিন্দা কার্তিক সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে লিটনের কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর ১২ বছর বয়সী ভাইপো অর্থ সরকার ঘরের জানালা খুলে ভেতরে তাকায়। এ সময় চাচাকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা ছুটে এসে মরদেহ দেখতে পান।

স্থানীয়দের দাবি, লিটন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই অশান্তি হতো বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নেশার টাকার জন্য বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগও করেছেন স্থানীয়রা।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে লিটনের স্ত্রী ইভা সরকার (২৪) তাঁদের তিন বছর বয়সী মেয়ে অথী সরকারকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে কয়রায় বাবার বাড়িতে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নারী জানান, সাম্প্রতিক সময়ে লিটনের আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। বাড়ির বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়াসহ নানা ধরনের উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে লিটনের মৃত্যুর পর এলাকায় মাদকের টাকা জোগাড় করতে না পারা, পারিবারিক অশান্তি ও নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন স্থানীয়রা।