সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
রূপসা

খুলনায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত

Khulna24 • ০৮ নভেম্বর ২০২৬, ০১:২১ রাত

খুলনার রূপসা উপজেলায় বন্ধুর ছুরিকাঘাতে কার্তিক বিশ্বাস (৩৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কার্তিক বিশ্বাস রাজাপুর গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনার খাজা খানজাহান আলী মার্কেটের একটি হার্ডওয়্যারের দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে এক বন্ধুর ছুরিকাঘাতে আহত হন কার্তিক। তার আরেক বন্ধু সজীব জানান, এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কার্তিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা গুরুতর।

এদিকে, ছুরিকাঘাতের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।