Khulna24 • ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ দুপুর
বিনোদন প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। সেই বিতর্কের মধ্যেই এবার ভিন্ন রূপে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন তিনি। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে ধারণ করা তার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক...’।
ভিডিওটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। দেবীর সাজে পরীমনির উপস্থিতি, নান্দনিক অভিব্যক্তি ও মিষ্টি হাসি নিয়ে প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীদের অনেকে। উৎসবের আবহে শুভ শক্তির জয় কামনা করে দেওয়া তার এই বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে নিজের বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন পরীমনি। পাশাপাশি, প্রকৃত ও ভুয়া ভিডিও শনাক্ত করার বিষয়ে সচেতনতা তৈরিতে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেন তিনি। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলার মধ্যেই নতুন এই ভিডিও প্রকাশ করলেন অভিনেত্রী।
এদিকে ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয়ে আলোচনায় থাকার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি খ্যাতনামা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন তিনি।
ওয়েব ফিল্মটিতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক নিরবকে।